২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের সময় ধরে কাজ করার নির্দেশ

কার্যালয়ে আসা-যাওয়ার নির্ধারিত সময়সূচি মেনে চলতে বিচারকদের প্রতি নির্দেশ দিয়েছেন নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যালয়ে আসা-যাওয়ার নির্ধারিত সময়সূচি মেনে চলতে বিচারকদের প্রতি নির্দেশ দিয়েছেন নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সুপ্রিম কোর্টের নিবন্ধক (রেজিস্ট্রার) মো. আশরাফুল ইসলাম রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজসহ আদালত সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকেও নির্ধারিত সময় মেনে চলার নির্দেশ দিয়েছেন। আশরাফুল ইসলাম বলেন, "সকালে কয়েকটি জেলা ও দায়রা জজের অফিসে ফোন করেন প্রধান বিচারপতি। এ সময় কয়েকটি জেলার বিচারকদের অফিসে পাননি তিনি। এতে তিনি ক্ষুব্ধ হন। এরপর তিনি ওই নির্দেশ জারি করতে বলেন।" তিনি জানান, নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বেশি সংখ্যক মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নিতে বলেছেন প্রধান বিচারপতি। বর্তমান আদালত চলার সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে বিচার কাজ সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত চলে। এর মধ্যে দুপুরে আধা ঘণ্টা খাবারের বিরতি থাকে। খায়রুল হক গত ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮০০ ঘ.