ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর আলোচিত তিন খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রিভলবার শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। এটি নিহত মিজানের লাইসেন্স করা রিভলবার।
গত বৃহস্পতিবার যাত্রাবাড়ীর ফারুক রোডে নিজ বাড়িতে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমান এবং তার স্ত্রী ও মা।
সম্পত্তি ও আর্থিক বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর যাত্রাবাড়ীর একটি টিনশেড বাড়ির চালা থেকে শনিবার রাতে রিভলবারটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম ।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি কালো ব্যাগের ভেতরে থাকা রিভলবারটির সঙ্গে একটি রক্তমাখা চাকু, সোনার হার, দুটি সোনার বালা, ৫ রাউন্ড গুলির খোসা ও তিনটি মোবাইল সেট পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের পরপরই মিজানের দুই ভাই জাহিদুর রহমান লিপ্টন ও তৌহিদুর রহমান লিঙ্কন, লিপ্টনের ছেলে সুমন এবং দারোয়ান আকবরকে আটক করে পুলিশ। তবে লিপ্টন ও লিঙ্কনকে পরে ছেড়ে দেওয়া হয়। অন্য দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমনের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়িতে অভিযান চালিয়ে রিভলবারটি পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24