২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএসে ভুল প্রশ্নের নম্বর দিতে নির্দেশ হাইকোর্টের

৩০তম বিসিএস পরীক্ষায় দুই নম্বর সেটের পরীক্ষার্থীদের ১১টি ভুল প্রশ্নের পুরো নম্বর প্রত্যেককে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 08:22 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস পরীক্ষায় দুই নম্বর সেটের পরীক্ষার্থীদের ১১টি ভুল প্রশ্নের পুরো নম্বর প্রত্যেককে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ১৯ পরীক্ষার্থীর এক রিট আবেদনে এ আদেশ দেয়। একই সঙ্গে ৩০তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুল প্রশ্ন ছাপানোয় বিজি প্রেসের তিন কর্মকর্তাকে আগামী ৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিন কর্মকর্তা হলেন-বিজি প্রেসের গঠিত তদন্ত কমিটির সদস্য ও সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, পরিচালক বিবেকানন্দ বিশ্বাস ও পরিচালক মো. মজিবর রহমান। ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অসঙ্গতি থাকায় ওই পরীক্ষা বাতিলের দাবিতে একটি রিট আবেদন দায়ের করেন ওই ১৯ পরীক্ষার্থী। আদেশের পর রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "ওই ৩ কর্মকর্তাকে তাদের করা তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য ৭ অক্টোবর আদালতে হাজির হতে বলেছেন।" তিনি জানান, আদালত ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা ১১টি ভুল প্রশ্নের জন্য ১১ নম্বর যোগ করতে বলেছেন। গত ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১৪০(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে নিয়োগের দায়িত্ব সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। কিন্তু তারা ওই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪২২ ঘ.