বরগুনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজিপুর বন্দরের কর্মকার পট্টির যুব সংঘ দূর্গা পূজা মণ্ডপের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে এক দল দুর্বৃত্ত দূর্গা প্রতিমার মাথা, হাত ও কার্তিকের মূর্তি ভেঙ্গে ফেলে।
কাছাকাছি জায়গায় পাল্টাপাল্টি দুটি পূজা মণ্ডপের আয়োজন করায় রেশারেশির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
কর্মকার পট্টি যুব সংঘের দূর্গা পূজা কমিটির সভাপতি বিজয় কর্মকার অভিযোগ করেন, তার ভাই জীতেন কর্মকারের সাথে জমির সীমানা নিয়ে কালি মন্দির পূজা কমিটির সভাপতি মুকুন্দ কর্মকারের বিরোধ রয়েছে।
এ কারণে তাকে এবং স্থানীয় ব্যবসায়ী বাসুদেব কর্মকার, বাবুল কর্মকার, বিজয় কর্মকার, শংকর শীল, জিতেন শীল ও বিমল শীলকে কালি মন্দিরের সার্বজনীন পূজা উৎসব থেকে বাদ দেয়া হলে তারা কর্মকার পট্টিতে যুব সংঘের নামে আলাদা পূজা মণ্ডপের আয়োজন করেন।
বিজয় কর্মকার বলেন, "এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কালি মন্দির পূজা কমিটির সমর্থকরা তাদের প্রতিমা ভাংচুর করেছে।"
কালি মন্দির পূজা কমিটির সহ-সভাপতি প্রফুল্ল মাস্টার বলেন, "কোন ধরনের বিবাদ না থাকলেও কেবল মনমালিন্যের কারনে গাজিপুর বন্দরে পাল্টা-পাল্টি দুটি পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বেশ কয়েকবার একত্রে পূজা উদযাপন করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু যুব সংঘের ওরা রাজি হননি।"
তিনি প্রতিমা ভাংচুরের ঘটনায় তাদের মণ্ডপের সমর্থকদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, "আমাদের মধ্যে যৎ সামান্য যে দ্বন্দ্ব রয়েছে তা বাড়াতে তৃতীয় কোন পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।"
আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক জানিয়েছেন। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৫ ঘ.
bdnews24