২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আলমকে খুঁজে বের করে রহস্য উদ্ঘাটন করা হবে'

ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুম করার বিএনপির অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তাকে খুঁজে বের করে তার অন্তর্ধান 'রহস্য' প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুম করার বিএনপির অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তাকে খুঁজে বের করে তার অন্তর্ধান 'রহস্য' প্রকাশ করা হবে। রোববার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক কর্মশালা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কমিশনার আলম কয়েক মাস ধরে নিরুদ্দেশ। তার বিএনপি দাবি করে আসছে, সরকার তাকে গুম করেছে। কর্মশালার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, "এ অভিযোগ ভিত্তিহীন। চৌধুরী আলমকে সারা দেশব্যাপী খুঁজে বেড়ানো হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে এ কাজ করছে।" বিএনপির অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "বিগত সরকার তাদের দলীয় লোক জামালউদ্দিনকে খুঁজে বের করতে পারেনি। এখন তারা এসব অভিযোগ কীভাবে তোলে?" শিল্পাঞ্চল পুলিশ সংক্রান্ত ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাহারা বলেন, পোশাক শিল্পে কোনো অনাকাক্সিক্ষত ঘটার আগেই তা মোকাবেলা করা হবে। "কোনো কোনো স্বার্থান্বেষী মহল ও নাম সর্বস্ব সংগঠনের ইন্ধনের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিকাশমান এ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার চেষ্টা করা হয়", বলেন তিনি। পূর্ণ জনবল নিয়ে শিল্পাঞ্চল পুলিশ অচিরেই যেন সম্পূর্ণ কলেবরে কাজ শুরু করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান। শিল্পাঞ্চল পুলিশ বাহিনীর আওতায় মোট ২ হাজার ৯৯০ জন পুলিশ সদস্য থাকছে। তবে প্রাথমিকভাবে ১ হাজার ৫৮০ জনবল নিয়ে এর যাত্রা শুরু হয়েছে বলে সাহারা জানান। এ বাহিনীর যাতায়াত, সাজ-সরঞ্জামসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ বক্তব্য রাখেন। ১০ দিনের এ কর্মশানায় ২৬ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৪০ ঘ.