সাভার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আশুলিয়ায় নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের একজন আবুল বাশার খান (২৪) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত মোবারক আলীর পুত্র। অপরজন স্বপন গাজী (৩৬) সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার শহিদুল্লাহ গাজীর পুত্র।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক জানান, ভোর ৪ টার দিকে নিরিবিলি এলাকায় র্যাব অফিসের কাছে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদের ৪/৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিভর্তি পাকিস্তানে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। র্যাবের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে র্যাব-৪ সাভার ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১৪ ঘ.
bdnews24