২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুজনকে জবাই করে হত্যা

ঢাকার সাভারে দুই জনকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পিটিয়ে আহত করেছে আরও দুই জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

সাভার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে দুই জনকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পিটিয়ে আহত করেছে আরও দুই জনকে। রোববার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডের মাদক স্পট নামে খ্যাত 'মজিদপুর' মহল্লায় এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের মধ্যে বুলবুল আহম্মেদ (৩২) শেরপুর জেলার কদমতলী থানার শ্রীবরদী এলাকার মৃত মোসলেম মন্ডলের পুত্র। অপরজন সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির নৈশ প্রহরী আলমগীর হোসেন (২৮)। সে সাভারের পলান পাড়া মহল্লার আদর আলীর পুত্র। আহতরা হচ্ছে সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির অপর নৈশ প্রহরী ফরহাদ হোসেন (৩৬) ও নির্মাণাধীন একটি বাড়ির প্রহরী জহির উদ্দিন (৪৮)। প্রহরী ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোর রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার বাজার বাসস্ট্যান্ডে পোল্ট্রি ফিড মার্কেটের সামনে তারা সকলে বসে কথা বলছিল। এ সময় কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসায়ী মুন্নার মাদক স্পটের দিকে যায়। এই ব্যক্তিদের কয়েকজন এসে তাদের চোখ-মুখ বেঁধে ওই স্পটে একটি পরিত্যক্ত জমিতে নিয়ে যায়। এরপর তিনি আর কিছু বলতে পারেন না। অপর প্রহরী জহির উদ্দিন জানান, কালো কাপড়ে মুখ বাঁধা সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে তাদেরকে ওই স্থানে নিয়ে যায়। সন্ত্রাসীরা দুজনের গায়ের শার্ট খুলে তা দিয়ে দুজনেরই হাত পিছনে বেঁধে জবাই করে চলে যায়।" স্থানীয় লোকজন সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত বুলবুল আহম্মেদের বড় ভাই গোলাম মোস্তফা জানান, কারও সাথে বুলবুলের শত্র"তা ছিল না। বুলবুলের ৭ বছরের একটি মেয়ে রয়েছে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতরা দুজনেই পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ সন্দেহ করছে। এ ঘটনায় আহত দুই প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাভার পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওহাব পুলিশের কথা নাকচ করে দিয়ে বলেন, "আমাদের গার্ড ছিনতাইকারী নয়। ছিনতাইকারী হলে তাকে ৭ বছর ধরে আমরা চাকুরীতে রাখতাম না। অনেক আগেই তাকে তাড়িয়ে দিতাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৪ ঘ