২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে তিন খুন: ভাতিজা সুমন তিনদিনের রিমান্ডে

যাত্রাবাড়ীতে এক পরিবারের তিনজনকে খুনের ঘটনায় নিহত গৃহকর্তার ভাতিজা তওফিকুর রহমান সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে পেয়েছে পুলিশ। (সংশোধনসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে এক পরিবারের তিনজনকে খুনের ঘটনায় নিহত গৃহকর্তার ভাতিজা তওফিকুর রহমান সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে পেয়েছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওয়ারী অঞ্চলের উপ-পুলিশ কমিশনার তৌফিক মাহবুব চৌধুরী। হত্যামামলায় গ্রেপ্তার দেখানো তওফিকুর রহমান সুমনকে শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যাত্রাবাড়ী থানার ওসি মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়কের অন্তু মেডিক্যালের কাছে একটি চারতলা বাড়ির তিনতলা থেকে বিথী রহমান (৪৫) ও তার শাশুড়ি সুফিয়া খাতুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা বিথীর স্বামী মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সোয়া ১১টায় তিনি মারা যান। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা চারজনের একজন দারোয়ান আকবর হোসেনকে এখনো আটক রাখা হয়েছে বলে জানান ওসি। ওইদিন নিহত গৃহকর্তার ভাই জাহিদুর রহমান লিপ্টন, তৌহিদুর রহমান লিঙ্কন ও তার ছেলে সুমন এবং দারোয়ান আকবরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে লিপ্টন ও লিঙ্কনকে শুক্রবার ছেড়ে দেয় পুলিশ। পুলিশ সুমনের সাত দিনের হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম এসকেএম তোফায়েল হাসান তিনদিন হেফাজতের অনুমতি দেন। হত্যাকাণ্ডে অংশ নেয় সুমনসহ তিনজন উপ-পুলিশ কমিশনার তৌফিক মাহবুব জানান, দুই ভাড়াটে খুনিসহ হত্যাকাণ্ডে অংশ নেন বলে স্বীকার করেছেন সুমন। তিনি বলেন, "সুমন জানিয়েছে, হত্যাকাণ্ডে সে সহ আরো দুইজন ভাড়াটে খুনি অংশ নেয়। তাদের একজনের নাম সুমন জানাতে পারলেও অন্যজনের নাম জানাতে পারেনি।" কলাবাগানের একটি বাড়িতে বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে জানান তৌফিক। তবে পুলিশকে বাড়িটি চিনিয়ে দিতে পারেননি সুমন। উপ-পুলিশ কমিশনার জানান, সুমন পুলিশকে বলেছে, নিহত মিজানুর রহমানের ব্যক্তিগত রিভলবারটি খুনিরা নিয়ে গেছে। তবে ঘটনার সময় সেখানে আরো একটি আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়। অস্ত্র দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, "সুমন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পুরো পরিবারটিকেই নিশ্চিহ্ন করে দেয়ার পরিকল্পনা ছিল। মিজানুরের ছেলে আশিকুর রহমান অন্তু খুব সকালেই বাসা থেকে বের হয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।" সম্পদ নিয়ে পারিবারিক বিরোধেই খুন পুলিশ জানিয়েছে, পারিবারিক সম্পত্তির বণ্টন নিয়ে মিজানুর রহমানের ওপর অন্য ভাইদের আক্রোশ ছিল। পারিবারিক অনেক সম্পত্তি তিনি জোর করে দখল করে রেখেছিলেন বলে ভাইদের অভিযোগ। এছাড়া তাদের মৃত দুই ভাইবোনের অংশের সম্পত্তিও মিজানুর রহমান নিজে দখলে রেখেছিলেন বলে অভিযোগ তার ভাইদের। মা সুফিয়া খাতুন বড় ছেলে মিজানকে সমর্থন করতেন বলে মায়ের ওপরও ভাইদের ক্ষোভ ছিলো বলে জানায় পুলিশ। তৌফিক বলেন, "পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে। সুমন এর সঙ্গে সরাসরি জড়িত থাকলেও এতে আরো অনেকেই জড়িত বলে পুলিশের ধারণা।" সন্দেহভাজন কয়েকজনের ওপর নজর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "দুই খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" নিহতের ছেলে অন্তু শঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন নিহত মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমান অন্তু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটলে সবচেয়ে বেশি লাভ আমার দুই চাচার। কিন্তু পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।" মিজানের দুই ভাই জাহিদুর রহমান লিপ্টন, তৌহিদুর রহমান লিঙ্কনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার জানান, তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আবার আটক করা হবে। বৃহস্পতিবার তাদের জিজ্ঞাবাদ করে ছেড়ে দেয় পুলিশ। অন্তু জানান, এখন তার সঙ্গে বিভিন্ন আত্মীয় থাকছে। বাড়ির সামনে এখন দুজন পুলিশ রয়েছে। কিন্তু তারা তো সবসময়ে থাকবে না। তিনি বলেন, "সঙ্গে থাকা আত্মীয়দেরও নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।" শনিবার দুপুরে মিজানুর রহমানের বাড়ির চাবি ছেলে অন্তুকে দিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআইটি/পিডি/১৯৪০ ঘ.