সাতক্ষীরা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক মুদি দোকানিসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার নাথপাড়া এলাকা থেকে মুদি দোকানি সাধন কুমার ঘোষ (৩৮) ও শহরের মাগুরা গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে আশরাফুল ইসলাম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে সাধনের এক কর্মচারী দোকানে এসে তাকে না পেয়ে বাড়িতে খোঁজ করতে যায়। এ সময় ঘরের জানালা দিয়ে সাধন কুমারকে তিনি ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, শুক্রবারই সাধনের স্ত্রী সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে গেছেন।
ওদিকে শহরের মাগুরা গ্রামের খায়রুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে সকালে তার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
পরে সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উভয় পরিবারের সদস্যরা আত্মহত্যা বললেও দুটি মৃত্যুই খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৪৩ ঘ.
bdnews24