কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক দিকে সুন্দরবন রক্ষা, অন্যদিকে পাঁচজনের সংসার চালানো- এ নিয়ে দোটানায় পড়েছেন জাহানারা বেগম ও তার স্বামী।
জাহানারার স্বামী বুঝতে পেরেছেন ধ্বংসের হাত থেকে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ও এর জীববৈচিত্র্য রক্ষায় বনের গাছ কাটা বন্ধ করতে হবে। এ গাছ বিক্রি করেই চলে তাদের সংসার।
অন্যদিকে তিন সন্তানকে খাওয়াতে পরাতে তাদের দরকার অন্য কোনো আয়ের ব্যবস্থা।
গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বাগেরহাটের শরণখোলা উপজেলার দুর্গম এলাকা পরিদর্শনে গেলে জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদককে বলেন, সে (তার স্বামী) সুন্দরবনের গাছ কেটে কাঠ সংগ্রহ করতো। এখন আর গাছ কাটে না।
স্বামীর নাম উল্লেখ না করে জাহানারা জানান, আইপ্যাক (ইনটিগ্রেটেড প্রোটেকটেড এরিয়া কো-ম্যানেজমেন্ট) প্রকল্পের কার্যক্রমের মধ্য দিয়ে তারা বুঝেছেন তারাই পারেন সুন্দরবন রক্ষা করতে। কিন্তু এই উপলব্ধিই তাদের বাধ্য করেছে উপোস থাকতে। কারণ আয় রোজগারের বিকল্প কোনো পথ নেই তাদের।
সুন্দরবন ও এর সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থ সহায়তায় (ইউএসএআইডি) আইপিএসি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
শরণখোলা উপজেলার কুরিয়াখালী গ্রামের বাসিন্দা জাহানারা জানান, বন রক্ষায় গ্রামের মানুষ বনবিভাগের কর্মকর্তাদের সহযোগিতা করছে। তারা এখন আর অবৈধভাবে কাঠ কাটে না, মাছও মারে না।
তবে তার কথা হচ্ছে, তাদের আয়ের বিকল্প উপায় না করলে বেশিদিন তারা সহযোগিতার মনোভাব ধরে রাখতে পারবেন না। তাদের আবার ফিরে যেতে হবে অবৈধভাবে কাঠ আহরণ আর বিষ দিয়ে খালে মাছ মারার পুরনো পেশায়।
তার কথা হলো, বন রক্ষার সচেতন হয়ে তো তাদের পেট ভরবে না। উপার্জন করতে না পারলে তাদের তো না খেয়ে মরতে হবে।
গ্রামের আরো মানুষ একই কথা জানালো পরিদর্শনে যাওয়া মার্কিন কর্মকর্তা আর্থারিন কাজিনকে। রোমে অবস্থিত জাতিসংঘের সংস্থাসমূহের মার্কিন প্রতিনিধি তিনি।
প্রায় সাত মাস আগে চালু হওয়া আইপিএসি প্রকল্পের অগ্রগতি দেখার জন্য কাজিন শরণখোলার এই প্রত্যন্ত এলাকা সফর করেন।
একই দাবি করা গ্রামবাসীর মধ্যে ছিলেন মর্জিনা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধু সংগ্রহ, মাছ ধরা ও কাঠের জন্য বনে না গেলে তাদের গ্রামের মানুষ এক বেলার খাবারও জোগাড় করতে পারবে না।
মর্জিনা জানান, কয়েক সপ্তাহ আগে একটি হরিণ লোকালয়ে চলে এসেছিলো। মাংসের জন্য মানুষ সেটাকে না মেরে আবার বনে ছেড়ে দিয়ে এসেছে।
শরণখোলা রেঞ্জের সহ-ব্যবস্থাপনা কমিটির (কো-ম্যানেজমেন্ট কমিটি) সভাপতি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন রক্ষায় সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরবনের আশপাশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষের জন্য আয় রোজগারের বিকল্প উপায় না করলে আইপিএসি প্রকল্প সাফল্য নাও পেতে পারে।"
সরকারি হিসেবে, প্রায় ৫০ লাখ মানুষ সরাসরি সুন্দরবনের ওপর নির্ভরশীল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই বনের আয়তন প্রায় এক লাখ ৪০ হাজার হেক্টর।
স্থানীয়দের বিকল্প কর্মসংস্থানের দাবির বিষয়টি স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তা কাজিন।
বাংলাদেশে ইউএসএআইডি মিশনের পরিচালকের ডেনিস রোলিনস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকল্প আয়ের ব্যবস্থা করার ব্যাপারে আমরা কাজ করছি। আমরা কেবল এই কাজ শুরু করেছি। আমাদের কর্মসূচিতে স্থানীয়দের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়টি আছে।"
"এতে আরো সময় লাগবে", বলেন তিনি।
সুন্দরবন রেঞ্জের বনসংরক্ষক আকবর হোসেন বলেন, "আইপিএসি প্রকল্প শুরুর পর আশপাশের গ্রামবাসীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। স্থানীয়দের সহযোগিতায় বন রক্ষা সম্ভব হবে বলে আমি আশাবাদী।"
তিনি মনে করেন, বন রক্ষার এই উদ্যোগ সফল ও টেকসই করতে চাইলে স্থানীয়দের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে।
বনবিভাগ ভোটের মাধ্যমে দুই বছরের জন্য গ্রামবাসীদের নিয়ে সহ-ব্যবস্থাপনা কমিটি করেছে। এ ছাড়া এই কমিটির নিুতম পর্যায় গ্রাম সংরক্ষণ কমিটিও দেখভাল করে থাকে বনবিভাগ।
আইপিএসি বিশেষজ্ঞ উৎপল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত দুটি সহ-ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। বনের আরো দুটি রেঞ্জে ২৯ সদস্যের আরো দুটি সহ-ব্যবস্থাপনা কমিটি করবে বনবিভাগ।
তিনি জানান, আইপিএসি প্রকল্পের আওতায় সুন্দরবনের চারপাশের ১৭টি উপজেলার ৭৬টি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএসবি/১০১০ ঘ.
bdnews24