২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় নারায়ণগঞ্জ ও বরিশালে নিহত ২

ট্রাকচাপায় নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোর এবং বরিশালের গৌরনদীতে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাকচাপায় নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোর এবং বরিশালের গৌরনদীতে এক শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার রাতে ফতুল্লার কাশিপুরে স্কুলছাত্র মো. সানি (১৪) এবং শুক্রবার সন্ধ্যায় গৌরনদীর আশুকাঠী বাসস্ট্যান্ডে হিরন হোসেন জিয়া (৬) নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রাত ১০টার দিকে হেঁটে আত্মীয় বাড়ি যাওয়ার পথে কাশিপুর জেলেপাড়া সেতুর কাছে সিমেন্ট ভর্তি একটি ট্রাক সানিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সানি কাশিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবরোধ দিলে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ। হাইওয়ে পুলিশের বরাত দিয়ে বরিশাল প্রতিনিধি জানান, নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে এসে জিয়া সন্ধ্যায় আশুকাঠী বাসস্ট্যান্ডে নামে। এসময় সে মাকে রেখে একা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জিয়া দিয়াশুর গ্রামের মোস্তাফা আকনের ছেলে। গৌরনদী থানার ওসি নূরুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২২০০ ঘ.