ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমাগত ভাঙন থেকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপকে রক্ষায় একটি ক্রস বাঁধ নির্মাণের দাবি এসেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলে 'সন্দ্বীপ-নোয়াখালী ক্রস বাঁধ বাস্তবায়ন পরিষদ'।
সংগঠনের সভাপতি মো. জামালউদ্দিন চৌধুরী দাবি করেছেন, "এক সময়ের ৬০০ বর্গমাইল আয়তনের সন্দ্বীপ এখন ভাঙতে ভাঙতে ৮০ বর্গমাইলের দ্বীপে পরিণত হয়েছে।"
তিনি জানান, এ দ্বীপকে রক্ষার জন্য ১৯৭৪ সালে সরকার নেদারল্যান্ডস সরকারের সঙ্গে সন্দ্বীপ-নোয়াখালী ক্রস বাঁধ নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষার জন্য একটি সমঝোতা চুক্তি সই করে।
সে প্রক্রিয়া ধরে দ্রুত সন্দ্বীপ-নোয়াখালী ক্রস বাঁধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান জামালউদ্দিন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক রাজীব হুমায়ুন, পরিষদের সাধারণ সম্পাদক এবিএম ওয়াহিদুর রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুল হুদা বাবন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএনএস/এমআই/২১১১ ঘ.
bdnews24