২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পৃথক ঘটনায় দুজন খুন

সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ তিনজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

সিলেট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ তিনজনকে আটক করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কান্দিগাঁও তিলকপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন তরিক উল্লাহ (৩৫)। এ ঘটনায় পুলিশ সুরুজ আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় চা দোকানে বসা নিয়ে তরিক উল্লাহর ছোট ভাই আব্দুল খালেকের সঙ্গে একই গ্রামের তাজির আলীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার সকাল ১১ টায় গ্রামের একটি বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে দুপুর ১২ টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাজির আলী ধারালো অস্ত্র দিয়ে তরিক উল্লাহর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। উভয়পক্ষের সংঘর্ষে তাজির আলীর দুই ভাতিজা দুদু মিয়া (১৫) ও ছইল মিয়া (২০) আহত হয়। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট কোতোয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বিকেলে সুরুজ আলীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের নোয়াগাঁও (দেওয়াননগর) গ্রামে দুপুরে দু'পক্ষের সংঘর্ষে মারা গেছেন আপ্তাব আলী (৬০)। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওই গ্রামের নূর মিয়া (৫৫) ও তার ভাই আজিদ মিয়াকে (৫০) আটক করেছে। বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, আপ্তাব আলী ও নূর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার দুপুর ২টার দিকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান। ওসি আশেক সূজা মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ছেলে ছায়েদুর রহমান ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আরো ৪/৫ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.