২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সরকারি কর্মকর্তাদের আন্দোলন কর্মসূচি

রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আযমকে মারধর ও অবরুদ্ধ করার অভিযোগ এনে এর প্রতিবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি, মানববন্ধনসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

রংপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আযমকে মারধর ও অবরুদ্ধ করার অভিযোগ এনে এর প্রতিবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি, মানববন্ধনসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মকর্তা-কর্মচারীদের জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের এই কর্মসূচি প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। গত বুধবার সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেচ কমিটির সভায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না ও আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান বাবুসহ কয়েকজন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আযমকে মারধর করে কক্ষে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আযম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ নবী ও আতাউজ্জামান বলেছেন, সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১০৮ জন সার ডিলার নিয়োগ করার ঘটনায় কমিটির সদস্য সচিব আলী আযম উৎকোচ নিয়েছেন। যাদের ডিলার করা হয়েছে তারা সার ব্যবসায়ী নন এবং কালো বাজারে সার বিক্রির অভিযোগে অভিযুক্ত বলে তারা দাবি করেন। তারা এ ঘটনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহকেও দায়ী করেন। ইউএনও মোস্তাইন বিল্লাহ লিখিত এক বিবৃতিতে বলেন, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। সব নিয়ম নীতি অনুসরণ করেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ভাইস চেয়ারম্যান মাসুদ নবী ও আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান বহিরাগত লোকদের নিয়ে কৃষি কর্মকর্তা আলী আযমকে মারধর করেছেন। এই ঘটনার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো।" কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার পূর্ণ দিবস কলম বিরতি, পরদিন উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ এবং বুধবার জেলা প্রশাসককে কাছে স্মারকলিপি প্রদান। ইউএনও জানান, সভায় তিনদিনের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী ও আওয়ামী লীগ নেতা আতাউজ্জামানকে গ্রেপ্তার ও বিচার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভূমি কর্মকর্তা তৌহিদুর রহমান, নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আলী আযম, সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ। এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা তৌহিদুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা সরকারি দায়িত্ব পালন করতে এসে শারীরিকভাবে লাঞ্ছিত হবো, আমাদের জিম্মি করে বেআইনি কাজ করানোর চেষ্টা করা হবে- এটা আর মেনে নেওয়া যায় না।" রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, "তারা (সরকারি কর্মকর্তা) মানববন্ধন কর্মসূচি পালন করলে আমরাও পাল্টা প্রতিবাদ কর্মসুচি পালন করবো। প্রতিহত করা হবে তাদের সব অবৈধ কর্মসুচি।" তিনি আরো বলেন, "আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। তাই বলে তারা যা ইচ্ছে তাই করবে আমরা তা হতে দেবো না। কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৩ ঘ.