বাগেরহাট, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা, লাশ গুম, বসত ঘরে অগ্নিসংযোগ ও লুটের অভিযোগে ১৮ 'রাজাকার'র বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার দুপুরে বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের তেলিগাঁতি গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খানের ছেলে মো. মুজিবর রহমান খান।
হাকিম রাখিবুল ইসলাম মামলাটি এজাহার হিসাবে নথিভুক্ত করার জন্য মোরেলগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- আকরাম খান (৫৫), সুলতান খান (৬৫), শহীদ খান (৬০), রশিদ খান (৬৫), কাদের চৌধুরী (৭৫), নূরা শিকদার (৭৬), রুস্তম শেখ (৬০), মোবারেক খান (৭৫), আশরাফ খাঁ (৭০), উকিল শেখ (৬০), আকবর খাঁ (৬৫), মোকসেদ দিদার (৭৫), আফসার দিদার (৭০), আফসু খাঁ (৬৫), বেল্লাল দিদার (৬৮), এনছান দিদার (৭০), দেলোয়ার শেখ (৬০) ও রফিকুল ইসলাম বাবুল (৫৭)।
এদের সবার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ, কচুয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
মামলায় অজ্ঞাতানামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
বাদি অভিযোগ করেন, আসামিরা মুক্তিযুদ্ধের সময় রাজাকার সদস্য ছিলেন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর তারা তেলিগাঁতি গ্রামের বাড়িতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খানকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। এ সময় তারা নগদ টাকাসহ আনুমানিক দুই লাখ টাকার মাল লুট করে বসত ঘরটি পুড়িয়ে দেয়।
পরে আসামিরা আব্দুল জব্বারকে হাত ও চোখ বেঁধে তেলিগাঁতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গুলি করে হত্যা করে। তার লাশটিও পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির কাগজপত্র থানায় পৌঁছালে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৩ ঘ.
bdnews24