২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে গ্রন্থমেলা শুরুর অপেক্ষা

নতুন ৪ হাজার বই প্রকাশের আশা নিয়ে সোমবার শুরু হচ্ছে মাসব্যাপী একুশে গ্রন্থমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 08:55 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ৪ হাজার বই প্রকাশের আশা নিয়ে সোমবার শুরু হচ্ছে মাসব্যাপী একুশে গ্রন্থমেলা। মেলার সব প্রস্তুতি সম্পন্ন বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানান বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার হাত দিয়ে এ মেলার শুরু তার স্মৃতি রক্ষায় এবারই প্রথম চিত্তরঞ্জন সাহা পুরস্কার প্রবর্তন করেছে বাংলা একাডেমী। সেরা বই প্রকাশককে দেওয়া হবে এ পুরস্কার। এবারের মেলায় ৩৬৬টি প্রতিষ্ঠানকে ৫০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ স্টল থাকবে বাংলা একাডেমীর বাইরের সড়কে। মেলায় লিটল ম্যাগাজিনের স্টল থাকছে ২৬টি। স্টল বরাদ্দ না পাওয়া ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে প্রকাশিত বই বিক্রির জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে রাখা যাবে বলে মহাপরিচালক জানান। এবারের মেলায় বই প্রকাশ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। শামসুজ্জামান বলেন, "গতবারের মেলায় ৩ হাজারের বেশি বই প্রকাশিত হয়েছিল। এবার ৪ হাজারের বেশি হবে বলে আমরা আশাবাদী।" মেলার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা নিরাপত্তার ব্যবস্থা করবে। এছাড়া বাংলা একাডেমীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। মেলাকে অবৈধ প্রকাশনামুক্ত রাখতে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলা একাডেমী। মহাপরিচালক জানান, টাস্কফোর্স সদস্যরা নিয়মিত মেলা পরিদর্শন করবেন। কোনো স্টলে পাইরেটেড বই বা বেআইনিভাবে প্রকাশিত বই পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবারের মেলা চত্বরকে নয়টি ভাগে ভাগ করা হয়েছে। ভাষা শহীদ, লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে এসব চত্বরের নাম হবে। প্রতিবারের মতো এবারেও নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে নজরুল মঞ্চে। ১ থেকে ২৭ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন বিকালে মূল মঞ্চে সেমিনার হবে। সেমিনারের বিষয় 'ভাষা আন্দোলনের ইতিহাস কথা: ১৯৪৭-১৯৫৩'। পুরো মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুষ্টি ভবন ও আনবিক শক্তি কমিশনের পাশে দুটি ফটক দিয়ে মেলায় ঢুকতে হবে। কর্মদিবসে বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং একুশে ফেব্র"য়ারি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। স্বাধীনতার পর একুশে ফেব্র"য়ারিতে বাংলা একাডেমীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান চলার সময় সেখানে বসে বই বিক্রি শুরু করেন মুক্তধারা ও পুঁথিঘরের কর্ণধার চিত্তরঞ্জন সাহা। এরপর তার সঙ্গে এসে যোগ দেয় অনেকে। গ্রন্থমেলার শুরুটা হয় এভাবেই। পরে বাংলা একাডেমী এর আয়োজনের দায়িত্ব নেয়। মাসব্যাপী এ মেলা শুধু বই প্রদর্শনীই নয়, বাঙালি সংস্কৃতির অন্যতম অংশ হিসেবে এখন বিবেচিত। প্রস্তুতি এখনো বাকি একদিন বাদেই মেলা শুরুর কথা থাকলেও মেলা অঙ্গন ঘুরে দেখা গিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের স্টলের কাজ শেষ করতে পারেনি। রোববার বিকালেও দেখা গেছে শেষ মুহূর্তের কাজ সারছেন অনেকে। এছাড়া ভেতরে ও বাইরে অনেক স্টল দেখা গেছে যেগুলোর শুধু কাঠামো তৈরি হয়েছে বাকি কাজ প্রায় পুরোটাই বাকি। তবে বাংলা একাডেমীর সামনের রাস্তায় পুষ্টিভবন ও আনবিক শক্তি কমিশনের সামনে দুটি তোরণ তৈরি করার পাশাপাশি রাস্তার ডিভাইডার বাংলা বর্ণমালার বিভিন্ন অক্ষর দিয়ে সাজানো হয়েছে। কয়েকটি প্রকাশনা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, সোমবার সকালের মধ্যে সব প্রস্তুতি শেষ করার ব্যাপারে তারা আশাবাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিকেএস/এএল/এমআই/১৪৪৫ ঘ.