২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আর্জেস গ্রেনেড উদ্ধার, গ্রেপ্তার ৫

শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার একটি বাড়ি থেকে শনিবার একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 07:04 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

শেরপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার একটি বাড়ি থেকে শনিবার একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বিএনপির বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হলেও গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, বিএনপি নেতাকে ফাঁসানোর জন্য গ্রেনেডটি তার বাড়িতে রাখা হয়। র‌্যাব-১২ এর কর্মকর্তা উপপরিদর্শক মো. দুলু মিয়া জানান সাংবাদিকদের জানান, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হাকিমের ঘরের চালের নিচ থেকে ভোরে আর্জেস গ্রেনেডটি উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় বলে র‌্যাব জানায়। এরপর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের রেজাউল করিম ফাক্কু (৫২), ভায়াডাঙ্গা গ্রামের কামরুজ্জামান ওরফে কমর দফাদার (৫৫), তাাঁতিহাটি গ্রামের আব্দুল আলীম (১৮), সাতানী শ্রীবরদী গ্রামের মো. মানিক (৩৭) এবং গারামারা গ্রামের মো. নান্ডা মিয়া (৫৫)। এদের মধ্যে প্রথম জন ঘটনার পরিকল্পনাকারী, দ্বিতীয় জন গ্রেনেড সরবরাহকারী এবং বাকি তিনজন সহযোগী বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। র‌্যাব-১২ এর কর্মকর্তা ক্যাপ্টেন মাহফুজুল হক জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা বিএনপি নেতাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আর্জেস গ্রেনেড সংগ্রহ করে তার বাড়িতে রেখেছিলো। গ্রেনেডের উৎস খুঁজে বের করতে গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব জানায়। বিএনপি নেতা হাকিম সাংবাদিকদের বলেন, শ্রীবরদী পৌরসভার আসন্ন নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হবেন। নির্বাচনে তার অংশগ্রহনে জটিলতা তৈরি করতেই ওই ঘটনা ঘটানো হয়। তিন মাস আগে শ্রীবরদীতে আরো কয়েকটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেছিলো র‌্যাব। এ ধরনের গ্রেনেড দিয়েই ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.