২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সাতক্ষীরা, শরীয়তপুর, ঠাকুরগাঁও ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ৫৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 06:44 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা, শরীয়তপুর, ঠাকুরগাঁও ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ৫৩ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালতলা হাইস্কুলের সামনে একটি ভ্যানকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। আহত অপরজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় বলে পুলিশ জানিয়েছে। তার নাম বৈশাখী বিশ্বাস (৯)। বৈশাখীর বাড়ি সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শরীয়তপুর: সকালে স্কুলে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ট্রলির চাপায় স্কুল ছাত্র রামীম (৮) নিহত হয়। এতে আরেক ছাত্র গুরুতর আহত হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। পরে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ জন আহত হয়। রামীম (৮) নড়িয়ার ভূমখারা গ্রামের নাসির উদ্দীন তালুকদারের ছেলে ও সে ওই এলাকার ফ্রেন্ডস প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের কে জি ওয়ানের ছাত্র। ঠাকুরগাঁও: জেলায় দুটি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ঊনত্রিশ মাইল নামক স্থানে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচ যাত্রী আজিজার রহমান (৪৮) নিহত হন। তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। এ সময় আহত হয় কমপক্ষে ১২ কোচ যাত্রী। এদের মধ্যে মধ্যে মুনিরকে (৩৮) ঠাকুরগাঁও সদর হাসপাতালে ও ইউনুসকে (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ হোসেন জানান, ট্রাক ও কোচ দুটিকেই আটক এবং একটি মামলা করা হয়েছে। অন্যদিকে, দুপুরে ঠাকুরগাঁও-বাহাদুরবাজার সড়কের কালিমেলা নামক স্থানে একটি মিনিবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান (৩২) গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাট: মংলা-খুলনা মহাসড়কে ফকিরহাট উপজেলার লকপুর বাসস্ট্যান্ডের কাছে বিকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা (১৮) এক নারী নিহত ও অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন বলে বাগেরহাটের হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অবণী চন্দ্র দাস নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/০০৩৯ ঘ.