২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ঘাটে বর্ণিল উৎসব

একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের মশাল র‌্যালির সময় রীতিমতো উৎসবে মেতেছিল এলাকাবাসী। গেমসকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছিল নারায়ণগঞ্জের মেঘনা ঘাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:24 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের মশাল র‌্যালির সময় রীতিমতো উৎসবে মেতেছিল এলাকাবাসী। গেমসকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছিল নারায়ণগঞ্জের মেঘনা ঘাট। র‌্যালি দেখতে নৌকা ও ট্রলারে করে ব্যানার, ফেস্টুন ও রং-বেরংয়ের বেলুন নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন এলাকার লোকজন। কারো কারো হাতে ছিল নানা রকম বাদ্য-যন্ত্র। যে যার মতো করে সুর তুলছিলেন তাতে। আয়োজন ছিল নজর-কাড়া। তবে সব কিছুকেই ছাপিয়ে যায় কড়া নিরাপত্তার বেড়াজাল। তাই স্থানীয়দের দূর থেকেই উপভোগ করতে হয় মশাল র‌্যালির অনুষ্ঠান। এর আগে আয়োজন করা হয় বাংলার ঐতিহ্য নৌকা-বাইচ প্রতিযোগিতা। অংশ নেয় ৬টি নৌকা। প্রথম হয় মনজুর কাদের মাঝির নৌকা। দ্বিতীয় জহিরুল ইসলামের ও তৃতীয় হয় আব্দুল মান্নান মাঝির দল। মাঝিদের পরনে ছিল নানা রকম বাহারি রংয়ের পোশাক। কড়া নিরাপত্তার কারণে নিজেদের মতো করে উৎসব করতে পারেননি বটে, কিন্তু কোলাহল ও হৈ-হল্লা করে শীতের সকালের নিরুত্তাপ পরিবেশে কিছুটা উষ্ণতার আমেজ ছড়িয়ে দেন তারা। পাকিস্তান বাদে গেমসে অংশ নেয়া দেশগুলোর শেফ দ্য মিশন ও ডেপুটি শেফ দ্য মিশনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান ও সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে আসেন বিদেশি মেহমানরা। ফলে এলাকাজুড়ে বিপুল সংখ্যক পুলিশ, সেনা ও বিমানবাহিনী এবং র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২১৫ ঘ.