২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জেলহত্যা ও যুদ্ধাপরাধের বিচার চাই: ছাত্রলীগ

বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ার পর পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনাসহ অবিলম্বে জেল হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ার পর পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনাসহ অবিলম্বে জেল হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "বঙ্গবন্ধুর পালিয়ে থাকা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার মাধ্যমেই এ কাজ সম্পন্ন হতে পারে।" জেল হত্যা, ২১ আগস্টের বোমা হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগও অবিলম্বে নেওয়ারও দাবি জানান তিনি। ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বদরুন্নেসা কলেজ নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেয়। এর আগে মধুর কেন্টিন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। এদিকে, বুধবার মধ্যরাতে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্যাম্পাসের টিভি রুমগুলোর পাশাপাশি ইন্টারনেটে অনলাইন পত্রিকাগুলোতে হুমড়ি খেয়ে পড়ে। ফাঁসির রায় কার্যকর করার পরই বিভিন্ন হল থেকে মিছিল বের হয়। অনেক মিছিল থেকে ভেসে আসে 'এই মুহূর্তে খবর এলো-খুনিদের ফাঁসি হলো' কিংবা 'এই মুহূর্তে খবর এলো, সত্যের জয় হলো' এরকম নানা স্লোগান। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে 'খুনিদের শাস্তিতে পবিত্র বাংলা' মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে স্লোগান'৭১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৯৩৫ ঘ.