সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের সময় ক্যামেরায় পিস্তলসহ ধরা পড়া ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী পাশা গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রাবাড়ী বিবিরবাগ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তবে তার ব্যাবহৃত সে অস্ত্রটি উদ্ধার করা যায়নি। তাকে নিয়ে অভিযান চলছে।"
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, দুপুর ১টার পর রাজধানীর শনির আঁখড়া এলাকা থেকে ডিবি পুলিশ পাশাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দেওয়া হবে বলে জানান তিনি।
গত ১৮ জানুয়ারি ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন। ওই সময় ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের কর্মীদেরও সশস্ত্র মহড়া দিতে দেখা যায়।
পিস্তলহাতে সাইদুর রহমান পাশার ছবি পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
সংঘর্ষে জড়িত অস্ত্রধারী এবং সংঘর্ষের পরে অস্ত্র নিয়ে মিছিলকারীদের নাম-পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ হলেও পুলিশ তিন দিন পরও জানাতে পারেনি।
সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে আট ছাত্রদল নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ শ' জনের বিরুদ্ধে মামলা করেছে। ছাত্রলীগের ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছে ছাত্রদল।
সংঘর্ষের পুরো ঘটনা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/প্রতিনিধি/এজে/এএল/এমআই/১৮৪০ ঘ.
bdnews24