নোয়াখালী, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী সদর উপজেলার মৌলভীবাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।
রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সুধারাম (সদর) থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা সদর মাইজদী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসআই আনোয়ার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে আছে- লোমিয়া আকরামের সারের গুদাম, নোমান ফার্মেসি, বেলাল ফার্মেসি, জসীম উদ্দিনের প্রসাধনসামগ্রীর দোকান, হাশেম মোল্লার আসবাব ও হুক্কু মিয়ার চায়ের দোকান।
এসআই আনোয়ার ভোররাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে আগুনে ক্ষতির পরিমান চার লাখ ৬০ হাজার টাকার মত। তবে ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষতির পরিমান ১০ লাখ টাকার কম হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24