গোপালগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মধ্যে যারা এখনো পালিয়ে আছেন তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া হবে।"
বৃহস্পতিবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় শোকরানা আদায় করে তিনি বলেন, "স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্য খুনিদের ফাঁসির রায় হয়েছে এবং তা কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে আইনের শাসন , গণতন্ত্র ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।"
বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা সেখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর নির্বচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, আওয়ামী লীগ নেতা চৌধুরী এমদাদুল হক, সিকদার নূর মোহাম্মদ দুলু, মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাদ জোহর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।
বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ জনের ফাঁসি রায় দিয়েছে আদালত। এর মধ্যে বৃহস্পতিবার প্রথম প্রহরে পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বিদেশে পলাতক বাকি সাতজনের মধ্যে একজন মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৩ ঘ.
bdnews24