ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হওয়ার পর শোকরানা নামাজ পড়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাজেদা ছাড়াও আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিলসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা হেয়ার রোডে প্রধানমন্ত্রীর বাসভবন 'যমুনা' গিয়ে তার সঙ্গে দেখা করেন।
সাজেদা সাংবাদিকদের বলেন, "রায় কার্যকর হওয়ার পর সারারাত তিনি (প্রধানমন্ত্রী) নামাজ আদায় করেছেন, কোরআন তেলওয়াত করেছেন।"
খুনিদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
এরপর প্রতিকূল অবস্থায় দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি তারা। দায়মুক্তি অধ্যাদেশ জারি করে হত্যার বিচারের পথও রুদ্ধ করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া সম্পন্নের পর বৃহস্পতিবার মধ্য রাতে পাঁচ খুনির কারাদণ্ডাদেশ কার্যকর হয়।
আওয়ামী লীগ নেতারা সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24