চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বৃহস্পতিবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে হকার ও ব্যবসায়ীরা।
ফুটপাথ থেকে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘাতের সূত্রপাত। বুধবার সংঘর্ষে আহত হয় ২০ জন।
বৃহস্পতিবার সকাল থেকে হকার ও ব্যবসায়ীদের পক্ষের লোকজন নিউ মার্কেটের কাছে মুখোমুখি অবস্থান নেয়। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে সকাল ১০টার দিকে উভয় পক্ষ পরস্পরের দিকে ইট ছুড়তে শুরু করে।
পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও হকাররা জহুর হকার্স মার্কেটের সামনে এবং ব্যবসায়ী ও দোকান মালিকরা রিয়াজউদ্দিন বাজারে পাশে অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা একটি মিছিল বের করলে পুনরায় সংঘর্ষ বাধে। দুই পক্ষই একে অপরের প্রতি ইট ছুড়ছে। পুলিশ উভয় পক্ষকে হটিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে।
সংঘাতের কারণে নিউ মার্কেট থেকে তিন পোলের মাথা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বানও জানান।
ভাসমান হকাররা দীর্ঘদিন ধরে রেয়াজুদ্দিন বাজার ও এর আশেপাশের এলাকায় নানা ধরনের 'অনৈতিক কাজে' যুক্ত অভিযোগ তুলে বুধবার ব্যবসায়ীরা তাদের উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ বাধে।
হকারদের অভিযোগ, রেয়াজুদ্দিন বাজার ও সংশ্লিষ্ট এলাকার দোকান মালিক ও তাদের কর্মচারীরা পরিকল্পিতভাবে তাদের দেড়শতাধিক ভাসমান দোকান পুড়িয়ে দিয়েছে।
চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের সহ-সভাপতি আতিকুর রহমান মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাতে তিনপুলের মাথা থেকে শুরু করে স্টেশন রোড এলাকায় ভাসমান হকারদের দেড় শতাধিক দোকানে ব্যবসায়ীরা আগুন ধরিয়ে দেয়।"
তবে হকারদের এ অভিযোগ নাকচ করে রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নুরল আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেয়াজুদ্দিন বাজারের মুখ থেকে হকারদের সরে যেতে বললে তারা সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।"
এদিকে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২০ ঘ.
bdnews24