২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 06:15 AM

Updated : 24 Aug 2022, 06:27 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম শ্যামল কর্মকার (২০)। শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে বিএসএফ তার ওপর গুলি চালায় বলে বিডিআর জানিয়েছে। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের শ্যামল গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৫টার দিকে অহেদপুর সীমান্তের মেইনপিলার ১৩, সাবপিলার ৩ এলাকা দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। "ওই সময় পশ্চিমবঙ্গের মালদা জেলার ১৫১ বিএসএফের চাঁদনী চক ক্যাম্পের জওয়ানরা গুলি করলে ঘটনাস্থলেই শ্যামল নিহত হয়।" শ্যামলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসেছে। তবে শ্যামলের লাশ নিয়ে যায় বিএসএফ। লাশ ফেরত চেয়ে এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বিডিআর কর্মকর্তা নজরুল। গত বছর ঢাকায় সীমান্ত সম্মেলনে বিসিএফ সীমান্তে নিরাপরাধ হত্যা বন্ধের আশ্বাস দিলেও এরপরও ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০০ ঘ.