গাজীপুর, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ বাস-ট্রাক-কারযোগে বুধবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে বরণ করেছেন পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে।
কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহার হেসেন মোল্যা সাংবাদিকদের বলেন, বিমান বন্দরে অভ্যর্থনা আর সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে তাজের আপত্তি থাকলেও 'স্বতঃস্ফ ূর্র্তভাবে' তাকে এভাবে স্বাগত জানানো হয়।
আকস্মিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে সোহেল তাজ যুক্তরাষ্ট্রে চলে যান। বেশ কয়েকমাস তিনি সেখানে তার প্রবাসী পরিবারের সঙ্গে কাটান। সরকার ঘটনার ব্যাপারে তখন সুস্পষ্টভাবে কিছু না বলায় এ নিয়ে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়।
সোহেল তাজ আবারো রাজনৈতিক ও এলাকার উন্নয়নমূলক কাজে যোগ দেবেন এ আশা প্রকাশ করেন কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান।
গাজীপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্যাহ মন্ডল এক প্রতিক্রিয়ায় বলেন, "দেশের ছেলে দেশে ফিরেছেন। তার জন্য আমরা উদগ্রীব ছিলাম।"
বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজকে শুভেচ্ছা জানাতে এরা ছাড়াও বিমানবন্দরে যান গাজীপুরের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, কাপাসিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, কাপাসিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্রীপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো.শামসুল আলম প্রধানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24