চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটপাথ থেকে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষে বুধবার রাতে চট্টগ্রামের নিউমার্কেট, স্টেশন রোড ও এর আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিলো।
বিক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর স্টেশন রোডে রিয়াজউদ্দিন বাজারে 'পরিস্থান' নামে একটি দোকানের সামনের ফুটপাথ থেকে এক ভাসমান হকারকে উচ্ছেদ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় হকাররা ওই এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে স্টেশন রোড, নিউমার্কেট, তিনপুলের মাথা এবং জুবলী রোডের হকাররাও এতে অংশ নেয়।
বিক্ষুব্ধ হকাররা ওই এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করলে রিয়াজউদ্দিন বাজারের দোকান মালিক ও তাদের কর্মচারীরা তাদের ওপর চড়াও হয়। এতে নতুন করে আবারো সংঘর্ষ বাঁধে। হকাররা লাঠি-সোটা, ইট-পাটকেল নিয়ে ব্যবসায়ীদের ধাওয়া করে ওই এলাকার কয়েকটি দোকানে আগুনও লাগিয়ে দেয়।
এদিকে, হকার-ব্যবসায়ী সংঘর্ষে এসব এলাকার গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়লে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
কোতয়ালী থানার উপ পরিদর্শক মো. মহসিন বলেন, রাত ৯টার দিকে সংঘর্ষ থেমে এলেও সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ হকাররা পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়।
পরিস্থিতি শান্ত করতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২২৪২ ঘ.
bdnews24