ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ডাদেশ ৩১ জানুয়ারির মধ্যেই কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুধবার আসামিদের রিভিউ আবেদন খারিজের পর দুপুরে আইন মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী তখন বলেন, কারাবন্দি খুনিদের যে দুজন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেননি তাদের দ্রুত তা করতে হবে।
এদিকে বুধবার বিকালে শেষ মুহূর্তে করা ফারুক রহমানের আবেদন রাষ্ট্রপতি রাতে নাকচ করে দিয়েছেন। শাহরিয়ার রশিদ প্রাণ ভিক্ষার আবেদন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।
আপিল বিভাগের রায় পর্যালোচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদন সকালে খারিজ করে সর্বোচ্চ আদালত।
কারাবিধি উল্লেখ করে শফিক বলেন, "মৃত্যু পরোয়ারা জারির ২১ দিন পর, তবে ২৮ দিনের আগে ফাঁসির আদেশ কার্যকরের বিধান রয়েছে। গত ৩ জানুয়ারি মৃত্যু পরোয়ারা জারি হয়েছে। সে হিসাবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ফাঁসির রায় কার্যকর করা হবে।"
কীভাবে ফাঁসি কার্যকর হবে তা কারাবিধিতে বিস্তারিত বলা আছে জানিয়ে তিনি বলেন, কারা কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
দণ্ডিত ১২ জনের মধ্যে পাঁচজন- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
এর মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন আগেই খারিজ হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, যে দুজন প্রাণ ভিক্ষার আবেদন করেননি তাদের এখনো তা করার সুযোগ আছে। তবে কারাবিধি অনুযায়ী আপিল খারিজের সাত থেকে ১৫ দিনের মধ্যে প্রাণভিক্ষার আবেদনের যে বিধান রয়েছে এখানে তা প্রযোজ্য হবে না। তাদের 'ইমিডিয়েটলি' আবেদন করতে হবে।
তিনি বলেন, "৩ জানুয়ারি থেকে দিন গণনা শুরু হয়েছে। এখন ৩১ জানুযারির মধ্যে ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।"
খুনিদের রিভিউ আবেদনের শুনানির সময় ২১ থেকে ২৮ দিনের হিসাব থেকে বাদ পড়বে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, "কারাবিধিতে রিভিউ আবেদন সম্পর্কে কিছু বলা নেই।"
এদিকে রিভিউ আবেদন খারিজের পর আসামি পক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেছেন, "রিভিউ আবেদন নাকচের আদেশ হাতে পাওয়ার পর প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন আসামিরা। ওই আবেদন নাকচ হলে ২১ থেকে ২৮ দিনের মধ্যে দণ্ডাদেশ কার্যকর করা যাবে।"
সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সে জন্য সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে সাহারা 'নিরাপত্তার স্বার্থে' এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।
সকালে সুপ্রিম কোর্টে পাঁচ খুনির রিভিউ আবেদন খারিজের পর স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও আইজি (প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি।
সাহারা বলেন, "কারাবিধি অনুযায়ীই আসামিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপিল আবেদন তো খারিজ হয়ে গেলো। বাংলার মানুষ যেটা চায় তা-ই হবে। এখন রায় কার্যকরে কোনো বাধা নেই। রায় কার্যকর করা এখন আমার, আপনার, সবার দায়িত্ব। জেল কোড অনুযায়ীই এ রায় কার্যকর করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭৩৭ ঘ.
bdnews24