কিশোরগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে কিশোরগঞ্জে কোনো বাস চলছে না।
শ্রমিকদের কাছে হেনস্তা হওয়ার প্রতিবাদে জেলা পরিবহন মালিক সমিতি অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছে।
জেলা শহরের গাইটাল, বত্রিশ ও নগুয়া- এ তিনটি বাস টার্মিনাল থেকে কোনো বাস অন্য জেলার উদ্দেশে ছাড়ছে না। সতাল ও নিউটাউন টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাসগুলোও চলছে না।
ফলে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। নিকট গন্তব্যের যাত্রীরা অটো রিকশা ও টেম্পুতে চড়ে যেতে পারলেও দূরগামীরা পড়েছে বিপাকে।
বাসে অতিরিক্ত যাত্রী উঠানোকে কেন্দ্র করে শ্রমিকরা মঙ্গলবার বিকালে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্করসহ কয়েকজনকে লাঞ্ছিত করে।
এরপর মালিক সমিতি রাতে জরুরি সভা ডেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। তারা ওই ঘটনার জন্য দায়ী শ্রমিকদের গ্রেপ্তার দাবি করেছে।
মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোন্দকার এ বি সিদ্দীক ইনছু মিয়া বাদি হয়ে চার শ্রমিকের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলাও করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০৬ ঘ.
bdnews24