ফেনী, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী সদর উপজেলায় মঙ্গলবার সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ব্যবসায়ী আব্দুল কাদেরের বয়স হয়েছিল ৩০ বছর। তিনি সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামের আমীর হোসেনের ছেলে।
কাদেরের বড় ভাই আব্দুল হাই বলেন, স্থানীয় নিজাম, সাইফুর এবং রহিম ও লোকমানসহ ১৫/২০ জন তার ভাইয়ের কাছে দীর্ঘদিন চাদা দাবি করে আসছিল। হাই দাবি করেন, তারাই তার ভাইকে হত্যা করেছে।
আব্দুল হাই বলেন, সন্ত্রাসীরা বিকালে রানীরহাটে নিজের চিড়ার মিলের কাছে কাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে চলে যাওয়ার পর তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। কিন্তু রাতে ঢাকা নগরীতে পৌঁছানোর পর পরই মারা যান কাদের।
সদর থানা পুলিশ উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিজামকে সন্দেহবশত ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেডআর/এসকে/০০১৫ঘ.
bdnews24