২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন

সিরাজগঞ্জে কয়েকটি মুরগি খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা- বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে কয়েকটি মুরগি খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা- বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রানীগ্রামে একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর তিন হাজার মুরগি নিধন করেছে জেলা পশুসম্পদ কর্মকর্তারা। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন। জেলা পশুসম্পদ কর্মকর্তা (ডিএলও) মান্নান সাংবাদিকদের বলেন, আকমল পোল্ট্রি ফার্ম নামের এই খামারে মারা যাওয়া কয়েকটি মুরগি ঢাকার কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। সেখান থেকে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে প্রতিবেদন আসে। তার ভিত্তিতেই নিধন অভিযান চালানো হল। তিনি বলেন, বার্ড ফ্লু যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বার্ড-ফ্লু (এইচ৫এন১ ভাইরাস) মুরগি খামারের জন্য মারাত্মক হুমকি। পাশাপাশি মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ। তবে সিরাজগঞ্জ জেলায় কতগুলো খামার বা মুরগি এ রোগে আক্রান্ত হয়েছে সে সর্ম্পকে কোন তথ্য সাংবাদিকদের জানাতে পারেননি তিনি। আকমল পোল্ট্রি খামারের মালিক ও বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন জানান, গত সাতদিনে তার খামারের এক হাজার সাতশ' মুরগি মারা গেছে। বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতি মো. ফরিদুল ইসলাম দাবি করেন, প্রতিবেশী ভারত থেকে মুরগি ও ডিম আমদানি করায় দেশে এ রোগের আর্বিভাব হয়েছে। জরুরি পদক্ষেপ না নিলে জেলার বিভিন্ন খামারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে। এতে এ শিল্পে ধস নামবে। ১০ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার কালিয়া গ্রামে ছোট-বড় ২০টি খামারের ২০ হাজার মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। জেলা পশু সম্পদ কার্যালয় থেকে বলা হয়েছে রানীক্ষেত রোগের এসব মুরগি মারা গেছে। তবে খামারীরা সন্দেহ করছেন বার্ড ফ্লু আক্রান্ত হয়েই তাদের মুরগি মারা গেছে। ২০০৭ সালে বাংলাদেশে বার্ড ফ্লু সংক্রমণ ঘটে। এরপর প্রায় ৪১টি জেলা এ রোগ ছড়িয়ে পড়ে। বিভিন্ন খামারে চলে নিধন অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.