ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)---ক্ষুদ্র ঋণের সুদের হার সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার জন্য এ খাতের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেবে সরকার।
মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে এ তথ্য জানান।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো: শফিকুল ইসলামের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, পরিচালন ব্যয় বেশি হবার কারণে ক্ষুদ্র ঋণদাতাদের সুদের হার বেশি। এ সুদের হার যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় গবেষণার মাধ্যমে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ইতিমধ্যে একটি গবেষণা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে।
ওই গবেষণার ফলের ভিত্তিতে আগামীতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে সুদের হার 'যৌক্তিক পর্যায়ে' নিয়ে আসার সুপারিশ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সুদমুক্ত ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। সুদমুক্ত ঋণ দেওয়া হলে বাজেটের ওপর তার একটি চাপ পড়বে বলে মত দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, গরীব, প্রান্তিক চাষীরা ঋণ নিতে গেলে অনেক ধরনের হয়রানির শিকার হন। ঋণ বিতরণে চুরিও হয়ে থাকে। এসব হয়রানি এবং 'চুরিচামারি' কমানোর জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কিছু রাষ্ট্রীয় এবং বেসরকারি ব্যাংক কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়ার জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দিচ্ছে।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকে। তাদেরকে ১০ বছরে ঋণের টাকা শোধ করতে হয় না। পুরো টাকা ৪০ বছরে শোধ করতে হয়। মুহিত বলেন, বিশ্বব্যাংকের ঋণের ক্ষেত্রে 'তেমন শর্ত থাকে না' তবে সুনিদিষ্ট প্রকল্পের ক্ষেত্রে ব্যয়ের বিষয়ে পরামর্শ করে তাদের জানাতে হয়।
শেয়ার বাজারে 'দুষ্ট কোম্পানি'
অর্থমন্ত্রী সংসদকে বলেন, "শেয়ারবাজারে কিছু দুষ্ট কোম্পানি আছে। যেগুলো বার্ষিক সাধারণ সভা করে না, লভ্যাংশ দেয় না। তাদের শাসন করার জন্য সরকার চেষ্টা করছে।"
মন্ত্রী বলেন, পুঁজিবাজারে 'জেড ক্যাটাগরির' কোম্পানির সংখ্যা ৮৩টি। এরা বার্ষিক সাধারণ সভা করে না, লভ্যাংশও দেয় না।
তবে সবক্ষেত্রে সরকার আইন প্রয়োগ করতে চায় না বলে উল্লেখ করেন তিনি। মুহিত বলেন, "আমাদের পুঁজিবাজার সীমিত। এটাতে প্রাণসঞ্চার করার চেষ্টা করছি। এরপরও পুঁজিবাজার দেশের বিনিয়োগে অবদান রাখতে পারছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯৪৪ঘ.
bdnews24