ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সংসদ সদস্য'দের 'সাংসদ' সম্বোধন না করার পরামর্শ দিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পুরক প্রশ্নের জবাব দেওয়ার সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথার ফাঁকে স্পিকার এ পরামর্শ দেন।
তিনি বলেন, "প্রায়ই দেখা যায়, মন্ত্রী ও সংসদ সদস্যরা জাতীয় সংসদে 'সাংসদ' শব্দটি ব্যবহার করেন। ভারতে সংসদ সদস্যদের সাংসদ লেখা হয়। আমাদের গণমাধ্যমেও অনেকে সাংসদ লেখেন।
"কিন্তু এটা ঠিক নয়। আমাদের সংবিধানে সংসদ সদস্য লেখা রয়েছে।"
স্পিকার মন্ত্রী, সংসদ সদস্যসহ গণমাধ্যমের উদ্দেশে বলেন, "সাংসদ শব্দটি না লিখে সংবিধান অনুযায়ী সংসদ সদস্য লেখা এবং বলা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭০০ ঘ.
bdnews24