ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে উপর্যুপরি ছুরিকাঘাতে মঙ্গলবার ভোরে খুন হয়েছেন এক ব্যবসায়ী।
মানিকগঞ্জে এক শিশু ও নারায়ণগঞ্জে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, পলাশ উপজেলার সুলতানপুর গ্রামে মঙ্গলবার ভোরে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয়েছেন মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫)।
পলাশ থানার উপ পরিদর্শক (এসআই) বদরুল আলম জানান, কয়েক ব্যক্তি আফজালকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে নিয়ে উপর্যপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পলাশ থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বদরুল।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলার দৌলতপুর উপজেলার উলাইল গ্রাম থেকে মঙ্গলবার ভোরে বিথী আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার চোখে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
বিথী ওই গ্রামেরই আব্দুর রশিদের মেয়ে। সে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
দৌলতপুর থানার ওসি মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেলে বিথী তার বাবার সঙ্গে স্থানীয় কলিয়া বাজারে যায়। সেখান থেকে সন্ধ্যায় বিথী একা বাড়ির দিকে রওনা হয়।
সন্ধ্যা পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় বিথীকে তার আত্মীয়-স্বজনরা খোঁজ করতে থাকেন। মঙ্গলবার সকাল সাতটায় বাড়ি থেকে তিনশ' গজ দূরে ভূট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বলে জানান ওসি শওকত।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় সোমবার রাতে জান্নাতুল ফেরদৌসি জেনি (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, নিহতের গায়ের বিভিন্ন স্থানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
জেনির বাবা জয়নাল আবেদীন জানান, শহরের নলুয়াপাড়া এলাকার বদরুল রহমানের ছেলের বদিউজ্জামান বাদশার সঙ্গে তার মেয়ের বিয়ে হয় এক বছর আগে। যৌতুকের জন্য কয়েকদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন জেনিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।
তিনি জানান, সোমবার রাতে জেনির শারীরিক অবস্থা ভালো না বলে মোবাইল ফোনে জানিয়ে তাড়াতাড়ি আসতে বলে তার শ্বশুরবাড়ির লোকজন। তারা এসে জেনির লাশ দেখতে পান।
জয়নাল আবেদীন অভিযোগ করেন, যৌতুকের জন্যই তার মেয়েকে হত্যা করা হয়েছে।
ওসি জানান, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২৯ ঘ.
bdnews24