ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডর দুর্গতদের পুনর্বাসনে সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত খুলনা ও বরিশারের ১৩টি উপজেলায় চার বছর মেয়াদিএ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের এ প্রকল্পে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
সোমবার চুক্তি স্বাক্ষরের পরে এফএও'র বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স বলেন, দক্ষিণাঞ্চলের কৃষি ও মানুষের জীবিকার উন্নয়নে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, "জীবিকা ও কৃষি উৎপাদন পুনরায় আগের অবস্থায় নিতে কৃষকদের সহায়তা প্রয়োজন। এ প্রকল্প উন্নতমানের বীজ, সার, সেচ ও মজুদাগারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষকদের সাহায্য করবে।"
প্রকল্পের আওতায় জেলে, মৎস্য খামারি ও গবাদি পশু পালনকারীদেরও সহায়তা দেওয়া হবে বলে জানান স্পাইকার্স।
প্রকল্পের অধীনে নতুন প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ মোকাবেলা ও পুনর্গঠনের বিষয়ে ঘূর্ণিঘড়প্রবণ জনপদগুলোর বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পরিকল্পনা সচিব হাবিব উল্লাহ মজুমদারসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24