ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক কমিশনার স্থানীয় আওয়ামী লীগ নেতা ইনসান উদ্দিন ভূইয়া হত্যা মামলায় আগামী ৩১ জানুয়ারি রায় ঘোষণা করা হবে।
সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এ তারিখ দেন।
২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামে নিজ বাড়ির সামনে আসামিদের হাতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান ইনসান। পরের দিন নিহতের ভাইপো মোফাজ্জল হোসেন ভূইয়া বাদী হয়ে ২৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এলাকায় আধিপত্য ও নেতৃত্বের দ্বন্দ্বে যুবদলের স্থানীয় নেতা আব্দুল হাইয়ের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মামলার সাক্ষ্য প্রমাণে উঠে আসে।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ২২ জন এবং আসামি পক্ষে ৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24