ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষাক্রম বোর্ডের সদস্য একজন বাড়িয়ে চারজন করে সংশোধিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আইন- ২০১০ সংসদে পাস হয়েছে।
সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদে উত্থাপন করলে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে প্রাথমিক শিক্ষাক্রম উইং এবং সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদ সৃজন করা হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর সদস্য বাড়ানোর প্রস্তাব রেখে বিলটি সংসদে উপস্থাপন করা হয়েছিল। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করে এ সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে শিক্ষামন্ত্রী সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০১০ নামের আরেকটি বিল সংসদে উত্থাপন করেন।
স্পিকার পরে বিলটি যাচাই-বাছাই শেষে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২৩২৮ঘ.
bdnews24