ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিচয় জানা যায়নি। আহতের নাম এনায়েত হোসেন (৩৫)। তিনি রাস্তা পারাপারের সময় গুলিবিদ্ধ হন বলে বলে জানান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডির পুরাতন ২৮ নম্বর রোডের জুনিয়র ল্যাবরেটরি স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ওসি শাহ আলম বলেন, "নিহতের পকেটে পাওয়া মানিব্যাগ থেকে আমরা কিছু কাগজ পেয়েছি। তাতে বিভিন্ন ব্যবসায়ীর নাম ও মোবাইল ফোন নম্বরের পাশে টাকার অংক লেখা রয়েছে। এ থেকে নিহত ব্যক্তিকে চাঁদাবাজ-সন্ত্রাসী গ্র"পের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সে খুন হয়ে থাকতে পারে।"
তিনি আরো জানান, নিহতের মোবাইল ফোনের ফোনবুকে কারো নম্বর নেই। তবে ডায়ালড কল লিস্টে পাওয়া কয়েকটি নম্বরে কথা বলে তার নাম পাইলট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাশ্ববর্তী একটি ভবনের দারোয়ান লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে ৪ রাউন্ড গুলির শব্দে লোকজন ছোটাছুটি করতে থাকে। এরপর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩২৭ ঘ.
bdnews24