ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদকে 'অকার্যকর' আখ্যা দিয়ে বিরোধী দলের অভিযোগের পাল্টা জবাবে চিফ হুইপ আব্দুস শহীদ বলেছেন, সাংসদ ছাড়া অন্য কারো এ ধরনের মন্তব্য করা উচিত নয়।
বিদেশ ভ্রমণসহ সব কর্মকাণ্ডে অংশ নিলেও সংসদে যোগ না দেওয়ায় বিরোধী দলের সাংসদদের সমালোচনাও করেন তিনি।
সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে চিফ হুইপ একথা বলেন।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, "যারা সাংসদ নন, তারা যদি সংসদকে 'অকার্যকর' বলে তা হাস্যকর। সংসদীয় গণতন্ত্রে সংসদ বর্জন, বয়কট ও ওয়াকআউট-এর রীতি আছে। তবে এটা হতে হবে জাতীয় স্বার্থেই।"
বিরোধী দলের আসন পুনর্বিন্যাস নিয়ে কোনো জটিলতা নেই মন্তব্য করে চিফ হুইপ বলেন, "তাদের বক্তব্য অনুযায়ী সংসদকে অকার্যকর বলার কোনো সুযোগ নেই। কমিটির সব বৈঠক এবং অন্যান্য কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন। বিদেশও ভ্রমণ করছেন। কিন্তু সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে না।"
গত বছরের ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বাজেট অধিবেশন থেকেই প্রধান বিরোধী দল ও শরিক দলের সাংসদরা সংসদ বয়কট করছেন।
ব্রিফিংয়ে বর্তমান সংসদের একবছর পূর্তিতে সংসদের বিভিন্ন তথ্য তুলে ধরেন চিফ হুইপ।
তিনি জানান, এ পর্যন্ত চারটি অধিবেশনে ৬৯টি আইন প্রণয়ন হয়েছে। ৫৪টি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়েছে। মন্ত্রিসভায় ৩১৭টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ১৮৩ টি। বাকিগুলোও বাস্তবায়নের পথে।
এছাড়া রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাষণের ওপর এ পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২১০ঘ.
bdnews24