ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার বিষয়ক একটি কনভেনশনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।
সোমবার ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তার সঙ্গে এ নিয়ে আলোচনার পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক বিশেষ উপদেষ্টা মাইকেল কোজ্যাক সচিবালয়ে আইন মন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে বাংলাদেশের মতামত জানতে চান।
মন্ত্রী জানান, তিনি এ বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন।
শফিক আহমেদ বলেন, বাংলাদেশে এ বিষয়টি সাংবিধানিক ও মৌলিকভাবে স্বীকৃত। বাংলাদেশের সংবিধান ধর্মীয় কারণে নির্যাতন বা হয়রানি অনুমোদন করে না জানার পর মার্কিন কর্মকর্তা বাংলাদেশের 'উচ্ছ্বসিত প্রশংসা' করেছেন বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের কাছ থেকে এ কনভেনশন এর ব্যাপারে মতামত নেওয়া হচ্ছে। সবার মতের ভিত্তিতেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ।
জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র
নির্বাচন কমিশনে দেওয়া জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ব্যাপারে কমিশনের আপত্তি নিয়ে শফিক আহমেদ বলেন, "বাংলাদেশে সংবিধানই সবচেয়ে বড় বিষয়। কোন আইন সংবিধানের চেয়ে বড় নয়। তাই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন বিষয়ে কমিশন আপত্তি জানাতেই পারে। এ এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে।"
তবে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মীয় রাজনীতি বন্ধের উদ্যোগের ব্যাপারে মন্ত্রী কোন মন্তব্য করতে রাজী হননি। এ ব্যাপারে তিনি বলেন, "এ বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন কোন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।"
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর
বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় চলতি জানুয়ারি মাসের মধ্যেই কার্যকর করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে আদালতে শুনানির পর্যায়ে রয়েছে। আদালতের সিদ্ধান্ত পাওয়া গেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই রায় কার্যকর করা হবে।
মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আপত্তির বিষয়ে তিনি বলেন, এ ধরণের কোন আপত্তি এখনো মন্ত্রণালয় পায়নি। পেলে 'যথোপযুক্ত' ব্যাখ্যাসহ তাদের সঙ্গে কথা বলবে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আগামী মার্চের মধ্যেই তদন্ত কর্মকর্তা ও বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হবে।
আগামী ৭ ফেব্র"য়ারির মধ্যে পুরনো সুপ্রিম কোর্ট ভবনে জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসটি খালি হবে। সেখানেই বিচারিক আদালতসহ সংশ্লিষ্ট অফিসগুলো স্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৮ঘ.
bdnews24