ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকশালের একদলীয় ধ্যান-ধারণায় বর্তমান সরকার জাতীয় সংসদসহ সর্বত্র 'দলীয়করণ' করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন।
তিনি বলেন, ''সংসদকে সরকার একদলীয় সংসদে পরিণত করেছে। ব্যবসা-বাণিজ্য, জনপ্রশাসনকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে অন্য কানো ভিন্নমতাবলম্বীর সেখানে কোনো সুযোগ নেই। সরকার গণতন্ত্রের লেবাসে দেশে '৭৫ সালের সেই একদলীয় শাসন চালু করছে।''
সরকারি দলের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে ঐকবদ্ধ হওয়ারও আহবান জানান মোশাররফ।
বিএনপির উদ্যোগে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে '২৫ জানুয়ারি : বাকশাল কায়েম ও গণতন্ত্র হত্যা দিবস' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
'৭৫ সালের এই দিনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী বিল পাসের মাধ্যমে বহুদলীয় সংসদীয় ব্যবস্থার পরিবর্তন করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। এ দিনটিকে বিএনপি 'গণততন্ত্র হত্যা দিবস' হিসেবে পালন করছে।
খন্দকার মোশাররফ ভারতের সঙ্গে সরকারের চুক্তির কঠোর সমালোচনা বলেন, এর মাধ্যমে দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই এর বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ করে তুলতে হবে।
দলের স্থায়ী কমিটির অপর সদস্য মওদুদ আহমেদ বাকশাল প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে বলেন, ''১৯৭৫ সালের একদলীয় শাসনের ধ্যান-ধারণা থেকে বর্তমান আওয়ামী লীগ মুক্ত হতে পারেনি। তারা সেইভাবেই দেশ চালাচ্ছে। ভারতের সঙ্গে যেসব চুক্তি করেছে, তা তারা কাউকে না জানিয়ে করেছে। নিজের দলেও তারা আলোচনা করেনি। সংসদেও আলোচনা হয়নি। তাদের এ মনোভাবে বাকশালী মনোভাব।''
বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের ২৯ ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হওয়া এই নেতা বলেন, আওয়ামী লীগ এখন '৭২ সালের সংবিধানে আবার ফিরে যাওয়ার কথা বলছে। কিন্তু এটা তারা কোনোদিন করতে পারবে না। '৭২-এর সংবিধানে ফিরে যেতে হলে বিশেষ কালো আইন ও জরুরি অবস্থা জারির সংশোধনী দু'টি বাতিল করতে হবে, যা তারা করবে না।
দলের স্থায়ী কমিটির অপর সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী জেনারেল মইন উ আহমেদসহ ওয়ান-ইলেভেনের 'ষড়যন্ত্রকারীদের' বিচার দাবি করে বলেন, "তাদের বিচার না করে কেবলমাত্র ১৯৭৫ সালে সংঘটিত ঘটনার বিচার করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। বর্তমান সরকার ওই বিচার না করলে বিএনপি তার বিচার করবেই।"
সভাপতির বক্তব্যে দলের সহসভাপতি সেলিমা রহমান বাকশালের ভয়াবহতার বিষয়টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য দলীয় নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে বলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিঞা, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিলো তুলনামূলকভাবে কম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৫ ঘ.
bdnews24