২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি নিয়োগে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা অনুসরণের অনুমোদন

মন্ত্রিসভা সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্য কোটা অনুসরণের বিষয়টি অনুমোদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভা সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পোষ্য কোটা অনুসরণের বিষয়টি অনুমোদন দিয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব বলেন, সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে ১৯৯৭ সালে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ কোটা প্রবর্তন করে বলা হয়েছিল উপযুক্ত মুক্তিযোদ্ধা না পাওয়া গেলে তাদের পোষ্যরা এ কোটায় অন্তর্ভূক্ত হবেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় এটি সঠিকভাবে অনুসরণ করা হয়নি। এটি অনুসরণ করার বিষয়টি সোমবারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে আজাদ বলেন, অনুমোদনের এ কোটার মধ্যে প্রতিবন্ধী ও নারীদেরও অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০৯-এর খসড়া এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর খসড়ারও চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস সচিব জানান। তিনি বলেন, এসিড আমদানি, মজুদ, বিক্রয় ও এসিড আক্রান্তদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইন করা হয়েছে। তবে মন্ত্রিসভার বৈঠক থেকে 'বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পলিসি অ্যান্ড গাইডলাইনস ২০০৯'-এর খসড়াটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ। প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ এদিকে বৈঠকে সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রী ও সচিবদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "মন্ত্রী ও সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প বাস্তবায়নের জন্য আরো নিষ্ঠার সঙ্গে দ্রুতগতিতে কাজ করতে হবে।" বৈঠকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতির ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৮৪৫ঘ.