গাজীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাস চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর জেরে তার সহকর্মীরা বেশ কিছু গাড়ি ভাংচুর ও পুড়িয়ে দিয়েছে।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় তিন ঘণ্টা পর পৌনে ১১টার দিকে সড়কের একপাশ দিয়ে যানবাহন চলা শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি সামিল দিতে পুলিশ হস্তক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং মৃদু লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
বাসচাপায় নিহত পোশাক শ্রমিকের নাম সুজন (২৫)। তিনি প্রাইম সোয়েটার লিমিটেডের শ্রমিক ছিলেন। তার বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার হরিণাকান্দা গ্রামে।
দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে মো. রফিকুল ইসলাম (২৭), নাসির উদ্দিন (৪২), আব্দুল গফুর (৬৫), আব্দুল হালিম (৫৪), চায়না (২৫), পারুল (২০) মোজাম্মেল হক (৬৫), আঁখি (১৬) ও রুবেলকে (১৫) বোর্ডবাজারে সুলতান জেনারেল (প্রাইভেট) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোয়ারা (২৮) নামে আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, বোর্ড বাজার এলাকায় সকাল পৌনে আটটার দিকে কাজে যাওয়ার সময় একটি বাসের চাপায় নিহত হন সুজন।
এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা বাসসহ ২০/২৫টি গাড়ি ভাংচুর করে এবং ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দিলে সুজন মারা যান। কিন্তু গুজব ছড়িয়ে পড়ে ৮/১০ জন মারা গেছেন।
এতে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা রাস্তায় নেমে আসে। তারা অনাবিল পরিবহনের বাসটিসহ আজমেরি পরিবহন, গাজীপুর পরিবহন, বলাকা ও অন্যান্য পরিবহনের আরো কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বোর্ডবাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিক-জনতার বাধার মুখে পড়ে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
এই পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিক-জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ জনতা পুলিশের একটি রেকারের কাচ ভাংচুর করে।
সংঘর্ষে আর্মড পুলিশের সদস্য মো. আরমানসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে বলে স্বীকার করেন ওসি রশিদ।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক-জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে বাস ও ট্রাকের আগুন নেভায়। সকাল ১১টার দিকে ওই মহাসড়কে যানবাহন আবার চলাচল শুরু হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান, সহাকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24