২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকের মৃত্যু, গাড়িতে আগুন

গাজীপুর সদরের বোর্ড বাজার এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর জের ধরে তার সহকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 05:07 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

গাজীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের বোর্ড বাজার এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর জের ধরে তার সহকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ১১টার দিকে সড়কের একপাশের যানবাহন চলা শুরু হয়। নিহতের নাম সুজন (২৫)। তিনি শেরপুরের শ্রীবর্দী থানার হরিণাকান্দা গ্রামের তোতা মিয়ার ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, বোর্ড বাজার এলাকায় সোমবার সকাল পৌনে আটটার দিকে কাজে যাওয়ার সময় একটি বাসের চাপায় নিহত হন সুজন। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা বাসসহ ২০/২৫টি গাড়ি ভাংচুর করে এবং ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। তবে এতে কেউ আহত হয়নি। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর। বাসের চাপায় সুজনসহ আরো কয়েক জন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১০৫৫ ঘ.