ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
তবে প্রতিবেদনে কী আছে তা জানা যায়নি।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন তদন্ত প্রতিবেদন জমা দেন।
বৃহস্পতিবার গভীর রাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর শুক্রবারই ইনস্টিটিউটের অধ্যাপক দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর উপাচার্য বলেন, প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি আইইআর-র অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট নিশ্চিত করেছে।
"পরীক্ষা কমিটির অবহেলার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে", বলেন তিনি।
আরেফিন সিদ্দিক আরো বলেন, দুই প্রতিবেদন সমন্বয় করে চূড়ান্ত করা হবে।
এদিকে শনিবার সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট এসএম মেজবাহ উদ্দিনকে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, কাঁটাবনের মাদার প্রেস থেকে প্রশ্নপত্র ছাপানো হয়েছিল।
গত শুক্রবার সকাল ১০টায় ওই পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ৫ ফেব্র"য়ারি নতুন তারিখ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২২১৫ ঘ.
bdnews24