২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ সিভিল সার্জন গ্রেপ্তার

ঘুষের টাকা নেওয়ার সময় লালমনিরহাটে সিভিল সার্জন ডা. আব্দুস সোবহান ও হিসাবরক্ষক আব্দুল্লাহেল হাফিজকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:09 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

লালমনিরহাট, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষের টাকা নেওয়ার সময় লালমনিরহাটে সিভিল সার্জন ডা. আব্দুস সোবহান ও হিসাবরক্ষক আব্দুল্লাহেল হাফিজকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার বিকাল ৪টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের সহকারী পরিচালক খায়রুল হুদার নেতৃত্বে সংস্থার একটি দল এ দুজনকে সিভিল সার্জন কার্যালয় থেকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করে মামলা (নম্বর-২২) করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান। দুদক কর্মকর্তা খায়রুল হুদা সাংবাদিকদের জানান, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আসাদুজ্জামান মামুন তাদের পরামর্শ অনুযায়ী সিভিল সার্জন ও হিসাবরক্ষককে পাঁচ হাজার ঘুষ দেন। এর পরপরই দুদক কর্মকর্তারা তল্লাশি করেন সিভিল সার্জন ডা. সোবহানের কাছে সাড়ে চার হাজার এবং হিসাবরক্ষক হাফিজের কাছে পাঁচশ' টাকা পান। তিনি জানান, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভাণ্ডারক্ষক প্রয়াত জসিম উদ্দিনের যৌথ বীমা ও কল্যাণ তহবিলের টাকা তোলার জন্য তার ছেলে মামুন তিনমাস ধরে সিভিল সার্জন কার্যালয়ে ঘোরাঘুরি করছেন। সিভিল সার্জন ও হিসাবরক্ষক ঘুষের টাকার জন্য তার কাজটি আটকে রেখেছিলেন। মামুন বিষয়টি দুদককে জানালে আজ (রোববার) বিকালে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.