২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জে. মইনকে আদালতে তুলতে চান সাকা

সাবেক সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 03:59 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। গণমাধ্যমে প্রচারিত জেনারেল মইনের শনিবারের বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন বলেছেন, "যিনি সংবিধান লংঘন করে একটি অসাংবিধানিক সরকারের মাধ্যমে দুই বছর জনগণের মৌলিক অধিকার খর্ব করেছেন, ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদদের ওপর নির্যাতন চালিয়েছেন, সেনাবাহিনীকে জনরোষের মুখে ঠেলে দিয়েছেন; তিনি 'কোনো অন্যায় করি' বলে মন্তব্য করে রাজনীতিবিদদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। এর মাধ্যমে উনি আমাদেরকে উপহাস করেছেন।'' তিনি বলেন, "একজন সেনা প্রধান হিসেবে সংবিধান লংঘনের জন্য জেনারেল মইনের কোর্ট মাশার্ল-এ বিচার হওয়া উচিত। আমি তার বিরুদ্ধে মামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছি। অনুকূল পরিবেশ সৃষ্টি হলে মামলা রুজ্জু করবো।'' শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের জেনারেল মইন তত্ত্বাবধায়ক সরকার আমলে তার ভূমিকা ও কার্যক্রম সর্ম্পকে বক্তব্য দিতে গিয়ে বলেন, তিনি অন্যায় কিছু করেননি। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পেছেনে সেনাবাহিনী তথা মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে মনে করা হয়। মইন বর্তমানে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) আছেন। রোববার ধানমণ্ডিতে নিজের বাসায় সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, জেনারেল মইন বিদ্রোহী ও সংবিধান লংঘনকারী। তিনি বলেন, ''তাকে ছাড় দেওয়া হবে না। এই বিদ্রোহীকে অবশ্যই একদিন আইনের আওতায় আনা হবেই। আমি সেই অনুকূল পরিবেশের অপেক্ষায় রয়েছি।'' সালাউদ্দিন বলেন, ''যে লোকটি ১৫কোটি মানুষের মৌলিক অধিকার দুই বছর জব্দ করে রেখে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, সে আজোও উঁচু গলায় কথা বলেন; গণতন্ত্রের সবক (জ্ঞান) দিয়ে যে ঔদ্ধত্য দেখাচ্ছেন তিনি তা রাজনীতিবিদদের জন্য লজ্জাজনক।'' ক্ষমতাসীন দল 'কৃতজ্ঞতা'র কারণে এখনো জেনারেল মইনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি করে তিনি বলেন, ''রাজনীতিবিদদের দূর্বলতার কারণে এখনো মইনের মতো বিদ্রোহীর বিচার হচ্ছে না। আমাদের তথা রাজনীতিবিদদের দূর্বলতার কারণে তা হচ্ছে না। মরহুম শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের স্বার্থে তার (মইন) বিচার করার সিদ্ধান্ত নিতে হবে। এটা সরকার কিংবা বিরোধী দলের বিষয় নয়। বিশেষ কারণে হয়ত প্রধানমন্ত্রী একটু ধীর গতিতে অগ্রসর হচ্ছেন বলে আমার ধারণা।'' বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জেনারেল মইনের বিরুদ্ধে ১ শ কোটি টাকার মানহানি মামলা করেছেন, যা এখন বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২৫৪ ঘ.