২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতীর মুক্ত করার কাজ ১ মাসের মধ্যে শুরুর নির্দেশ

আগামী এক মাসের মধ্যে ঢাকার চারপাশের চারটি নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা ভাঙ্গার কার্যক্রম শুরু করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 08:47 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে ঢাকার চারপাশের চারটি নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা ভাঙ্গার কার্যক্রম শুরু করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'র করা একটি রিট আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ রোববার এ আদেশ দেয়। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু- এ চার নদীর তীরের সব অবৈধ স্থাপনা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অপসারণ করে আদালতে লিখিত প্রতিবেদন দিতেও বলা হয়েছে। এছাড়া তিন মাস পরপর এ স্থাপনা অপসারণের কার্যক্রমের অগ্রগতি লিখিতভাবে সুপ্রিম কোর্টের নিবন্ধককে (রেজিস্টার) জানাতে নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ২৫ জুন বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু বাঁচাতে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা দেয় হাইকোর্ট। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ, দখল, ভরাট ও অবৈধ নির্মাণ বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে হাইকোর্ট ইতিপূর্বে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককেও তলব করেছিলো। এর আগে হাইকোর্ট গত ২৪ মে রাজধানীর চারপাশের চারটি নদী দখল, ভরাট ও নদী তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪৩০ ঘ.