ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদরা শুল্কমুক্ত গাড়ি আনার সুযোগ পেলেও গাড়ির ধরন নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলেও রোববার সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ নিয়ে দামি গাড়ি এনে তা বিক্রি করার বিভিন্ন সময় বহু অভিযোগ ওঠে সাংসদের বিরুদ্ধে।
এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংসদদের বিনা শুল্কে গাড়ি আমদানির বিধানটি বাতিল করা হয়।
তবে বর্তমান সরকার সাংসদদের সে সুযোগ আবার করে দিচ্ছে।
সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে মুহিত বলেন, "মন্ত্রী, সচিবরা সরকারি গাড়ির সুবিধা পচ্ছেন। উপজেলা চেয়ারম্যানদেরকেও গাড়ি দেওয়া হবে। তাহলে সংসদ সদস্যরা এ সুবিধা কেন পাবেন না?"
তবে সাংসদরা আগের মতো ইচ্ছে অনুযায়ী যে কোনো গাড়ি আমদানি করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, "ব্র্যান্ড-সিসি নির্দিষ্ট করে দেওয়া হবে।"
মুহিত একইসঙ্গে বলেন, "তাদের (সাংসদ) যদি সরকারি গাড়ি দেওয়া হয় তাহলে এ গাড়িগুলো পাঁচ বছর কী হবে। বিক্রি করতে গেলে সমস্যা হবে। সংসদে পরিবহন পুল নেই। আবার সরকারের পরিবহন পুলে জায়গা নেই। পিপিএ পিপিআর অনুসরণ করে সরকারিভাবে কিনতে গেলে আরো এক বছর লেগে যাবে।
"এসব বিষয় বিবেচনা করে শুল্কমুক্ত গাড়ি আমদানির চিন্তাভাবনা করা হচ্ছে", সচিবালয়ে সাংবাদিকদের বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24